মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে।
রবিবার (৩১ মে ২০২৬) সকালে বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে এ বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২২-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ছাত্রবৃত্তি ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতি সভাপতি মোঃ কায়েমুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বৃত্তি ও সনদপত্র বিতরণ শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।