পাঁচ জেলা ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে, রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলা বাদে দেশের অন্যান্য সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় আপাতত পরীক্ষা স্থগিত থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি অংশ নেন।

বৈঠক শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া বাকি সব এলাকায় পরীক্ষা যথারীতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা আয়োজন এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম বলেন, উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার বাস্তবতা বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। দীর্ঘ যানজট, জলাবদ্ধতা ও যাতায়াত সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হতে হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাই তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ করছেন।

একই দাবির সঙ্গে একমত প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ বিষয়ে দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top