ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ জন নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল কয়েকটি যানবাহন

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিটে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২) এবং হাফিজুর (৫০)।

এ ঘটনায় গুরুতর আহত সেতু মাতবরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top