খুলনায় কিশোরী হত্যা: প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে মেয়েকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি:

খুলনায় কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যার ঘটনায় তার বাবা ও মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটনের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শনিবার (১১ জুলাই) সকালে কেএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য জানান।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই, সিআইডিসহ বিভিন্ন সংস্থার সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, বেতার বার্তা প্রচার এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পর নিহতের পরিচয় নিশ্চিত হয়।

তদন্তে জানা যায়, নিহত কিশোরী সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা। এরপর তার বাসায় গিয়ে মাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মেয়ের বিভিন্ন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল। ঘটনার দিন তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবা লাঠি দিয়ে মেয়ের মাথায় কয়েকটি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ঘটনার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নিহতের বাবা-মা অভিযুক্ত হওয়ায় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। তদন্তের বাকি কার্যক্রম চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top