রাজবাড়ীতে সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তার জোয়ার, শিল্পী বেগমের জন্য নির্মাণ হচ্ছে নতুন ঘর

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের অসহায় শিল্পী বেগমের পরিবারের দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাদের সম্মিলিত উদ্যোগে পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটকাঠি দিয়ে তৈরি একটি জরাজীর্ণ রান্নাঘরেই অসুস্থ স্বামী রাসেল মণ্ডল, ১৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে নদী এবং ৮ বছর বয়সী ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন শিল্পী বেগম। সামান্য ঝড়-বৃষ্টিতেই ঘরটি ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটছিল তাদের।

পরিবারটির অসহায়ত্বের চিত্র তুলে ধরে কালুখালী টুডেসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের নজরে আসে। এরপর পরিবারটির পাশে দাঁড়াতে শুরু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতায় কালুখালী উপজেলার রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ)-এর উদ্যোগে শিল্পী বেগমের পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে পরিবারটি একটি নিরাপদ ও বাসযোগ্য আশ্রয় পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত এই মানবিক উদ্যোগ অসহায় পরিবারটির জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজের আরও অনেক অসহায় পরিবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।

সহায়তা পেয়ে শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরা তাদের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসন, রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক সংগঠন, শুভানুধ্যায়ী ব্যক্তি এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top