সিলেটের বিয়ানীবাজারে পিতার হামলায় কিশোরী নিহত

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় পিতার হামলায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রায়কা আক্তার রিয়া (১৭)। তিনি গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের বাসিন্দা আবু বক্করের মেয়ে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ চলাকালে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে তার নানার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে রিয়া তার নানার বাড়িতে অবস্থান করছিল। শুক্রবার দুপুরে সে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে তার পিতা আবু বক্কর সেখানে উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। হামলায় রিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি প্রেরণ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম জানান, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত পিতা আবু বক্কর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে এ ধরনের নৃশংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top