মাদকের ভয়াবহ ছোবল! শিবচরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

রুবেল ফরাজী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: 

মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৌর এলাকার বাসিন্দা সুমন হাওলাদারের বাড়িতে গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় নগদ ৯৫ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরগোস্থানের পাশের এলাকায় অবস্থিত বাড়িটিতে এর আগে কখনো বড় ধরনের চুরির ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক বিক্রি ও মাদকসেবীদের আনাগোনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই এবার বাস্তবে রূপ নিল বলে মনে করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী সুমন হাওলাদার বলেন, “আমার বাড়ির আশপাশ বহুদিন ধরে মাদক বিক্রি ও সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো অভিযান বা ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আমার বাড়িতে চুরি হয়েছে, কাল অন্য কারো বাড়িতে হতে পারে। এমনকি হতাহতের ঘটনাও ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই রাত জেগে পাহারা দেওয়ার কথা ভাবছেন। স্থানীয়দের অভিযোগ, মাদকের বিস্তার ও অপরাধীদের অবাধ চলাচলের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “প্রাথমিকভাবে আমরা অভিযোগ গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, শিবচর পৌরগোস্থান সংলগ্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্দেহভাজনদের নজরদারিতে আনা এবং রাত্রীকালীন টহল জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, মাদক শুধু একটি সামাজিক ব্যাধি নয়; এটি এখন চুরি, ছিনতাই ও সহিংস অপরাধ বৃদ্ধির অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top