নিজস্ব প্রতিনিধি:
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশ ও ইইউর দ্বিপাক্ষিক বাণিজ্য, বিদেশি বিনিয়োগ, অশুল্ক বাণিজ্য বাধা দূর করা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানো, ইইউর বাজারে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা এবং বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরুর বিষয় গুরুত্ব পায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের উত্থাপিত বিভিন্ন উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব ইস্যু সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে।
তিনি বলেন, সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে, বাণিজ্য প্রতিবন্ধকতা কমবে এবং আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আস্থা আরও শক্তিশালী হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, জ্বালানি সংকট সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানাগুলো দক্ষ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ-ইইউ এফটিএ নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরু করতে ইইউ প্রস্তুত বলেও জানান তিনি।
তিনি বলেন, এফটিএ আলোচনাকে এগিয়ে নিতে অশুল্ক বাণিজ্য বাধা দূর করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং এলডিসি-পরবর্তী সময়ে বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখতে দ্রুত ও সুনির্দিষ্ট সংস্কার প্রয়োজন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি ও সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ ও ইইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।
বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।