নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ খানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মাসুদ খান দেশের করপোরেট অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৯ সালের এপ্রিল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ক্রাউন সিমেন্ট গ্রুপের বোর্ডে প্রধান উপদেষ্টা হিসেবেও যুক্ত ছিলেন।
এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনের চার সদস্য—মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
পুঁজিবাজারে নতুন নেতৃত্ব হিসেবে মাসুদ খানের নিয়োগকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।