লেবার নেতৃত্বে বার্নহামের দাপট, প্রধানমন্ত্রী হওয়ার পথে এক ভোট দূরে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী নেতা এবং দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। প্রথম দফার মনোনয়ন গণনায় দলের ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জন তার পক্ষে সমর্থন জানিয়েছেন।

লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে অন্য কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ কার্যত বন্ধ করতে বার্নহামের প্রয়োজন আর মাত্র একজন এমপির সমর্থন। প্রয়োজনীয় ৩২৩টি মনোনয়নের থেকে তিনি এখন মাত্র এক ভোট দূরে রয়েছেন।

বেশ কয়েকজন লেবার এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ জুলাই) পার্লামেন্টে উপস্থিত থাকতে না পারলেও ফিরে এসে তারা বার্নহামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবেন। নতুন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না এলে আগামী সপ্তাহেই তাকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

কয়েক সপ্তাহ আগে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে ফেরেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী হতে থাকে।

এক বিবৃতিতে বার্নহাম তার প্রতি আস্থা রাখার জন্য লেবার এমপিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দলের বিভিন্ন স্তর থেকে পাওয়া সমর্থন প্রমাণ করে যে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ক্ষমতার কেন্দ্র ওয়েস্টমিনস্টারের বাইরে নিয়ে গিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন অঞ্চলের হাতে আরও ক্ষমতা দেওয়ার কথা বলেন তিনি।

গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ফল খারাপ হওয়ার পর কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। পরে বার্নহাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেন।

নেতৃত্ব প্রতিযোগিতায় টিকে থাকতে প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে অন্তত ৮১ জন এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। বার্নহাম ৩২৩ জনের সমর্থন পেলে অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় মনোনয়ন সংগ্রহ করা সম্ভব হবে না।

এ ছাড়া লেবার পার্টির সঙ্গে যুক্ত ৩১টি সমাজতান্ত্রিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের মধ্যে অন্তত তিনটির সমর্থনও প্রয়োজন হবে। তবে বার্নহামের শক্ত অবস্থানের কারণে এটিকে আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।

২০১০ ও ২০১৫ সালের নেতৃত্ব নির্বাচনে ব্যর্থ হওয়া বার্নহাম এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডাউনিং স্ট্রিটে যাওয়ার সুযোগ তৈরি করেছেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় তার পথ আরও সহজ হয়েছে।

তবে দলের ভেতরের কয়েকজন নেতা বার্নহামের ভবিষ্যৎ নীতি ও সরকার পরিচালনার পরিকল্পনা আরও বিস্তারিতভাবে জানার দাবি তুলেছেন। দীর্ঘ সময় ওয়েস্টমিনস্টারের বাইরে থাকার কারণে নতুন প্রজন্মের অনেক এমপির সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলাও একটি চ্যালেঞ্জ হতে পারে।

আগামী সোমবার (১৩ জুলাই) লেবার এমপিদের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরবেন বার্নহাম। তিনি এরই মধ্যে ম্যানচেস্টারে একটি নতুন ‘নম্বর ১০’ ইউনিট চালুর প্রস্তাব দিয়েছেন। আবাসন ও পরিবহনসহ বিভিন্ন খাতে স্থানীয় সরকারকে আরও বেশি ক্ষমতা দেওয়ার কথাও বলেছেন তিনি।

এ ছাড়া পানি ও জ্বালানি খাতকে জনগণের নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহাম। গাজা যুদ্ধ নিয়ে লেবার পার্টির আগের অবস্থানের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বার্নহামের প্রশংসা করে বলেছেন, তিনি যুক্তরাজ্যের জন্য একজন দক্ষ প্রধানমন্ত্রী হতে পারেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top