আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে চার কোটি ৩০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইরান কর্তৃপক্ষ। দেশটির দাবি অনুযায়ী, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী আয়োজিত শোক কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচ শহরে খামেনির জানাজা, শোকমিছিল ও দাফনসংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব শহরে অংশগ্রহণকারীর সংখ্যা চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখের বেশি হতে পারে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ইরাকের নাজাফ ও কারবালায় প্রায় এক কোটি মানুষ শোক কর্মসূচিতে অংশ নেন। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে খামেনি নিহত হন বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করে। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইরানের দাবি অনুযায়ী, শোক ও দাফন কর্মসূচিতে বিশ্বের ৪৫টির বেশি দেশের রাজনৈতিক নেতা এবং ৯০টির বেশি দেশের ধর্মীয় ব্যক্তিত্ব, পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন।
ইরানি সূত্রগুলো বলছে, যাতায়াতের তথ্য, মোবাইল ফোন সিগন্যাল এবং বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অংশগ্রহণকারীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ইরান কর্তৃপক্ষ এই আয়োজনকে মানব ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করেছে।