আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় চিকিৎসা সূত্র।
অভিযোগ করা হয়েছে, এসব হামলা ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের অংশ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ ও বিভিন্ন সড়কে এখনও অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকর্মী এবং সিভিল ডিফেন্সের সদস্যরা অনেক এলাকায় পৌঁছাতে না পারায় তাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ ছাড়া গাজা সিটির পশ্চিমে আল-রিমাল এলাকায় একটি বেসামরিক গাড়িতে হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনসংক্রান্ত হামলায় ১ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন আহত হয়েছেন। একই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।