রাজবাড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাজার ও পাংশা রেলস্টেশন বাজারে ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক রাজবাড়ীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

অভিযান চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ও অননুমোদিত পণ্য উৎপাদন ও বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পুলিশ লাইন্সের একটি দল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের প্রেসকার সবুজ হোসেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top