নিজস্ব প্রতিনিধি:
বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার—মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন।
একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বন্যা ও বৈরী আবহাওয়ার বাস্তবতা উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কথিত মন্তব্যে তারা ক্ষুব্ধ বলেও জানান।
শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।