নিজস্ব প্রতিনিধি:
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের (১১ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাদরাসা বোর্ডের অধীনে আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষাও এদিন হওয়ার কথা ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় বোর্ডের আওতাধীন সব জেলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের অনুরোধের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
তবে দেশের অন্য আটটি শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত নয়—এমন জেলার মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এখন পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলেও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় একটি পরীক্ষা আগে থেকেই স্থগিত ছিল। শনিবারের পরীক্ষাও স্থগিত হওয়ায় এসব জেলায় পরীক্ষার সূচিতে আরও পরিবর্তন এসেছে।