নিজস্ব প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, আগামী বছর শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় সংযুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হবে।