নিজস্ব প্রতিনিধি:
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উভয় নেতা ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন বা দূতাবাস স্থাপনের বিষয়ে নীতিগতভাবে একমত হন।
দুই প্রধানমন্ত্রী রাজনৈতিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে যৌথ উদ্যোগ ও বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্য এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।