সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড-ডে মিল কর্মসূচি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

দেশের শিশুদের পুষ্টিহীনতা দূর করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করা হবে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের মধ্যেই স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।

তিনি বলেন, শিশুদের সুস্থ ও মেধাবিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। তাই কোনো শিক্ষার্থী যেন পুষ্টিহীনতায় না ভোগে, সে লক্ষ্যে সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট একটি বড় আয়োজন। এখান থেকেই ভবিষ্যতের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন, সরকার শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী কোনো স্কুল খাবারের সুবিধা ছাড়া থাকবে না। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র, স্কুলড্রেস এবং শিক্ষার্থীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা অতিরিক্ত বইয়ের চাপ ছাড়াই আনন্দের সঙ্গে শিখবে, খেলবে এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষ খেলোয়াড় তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top