মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শহীদ জিয়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির আয়োজন করে বহরপুর স্পোর্টিং ক্লাব।
রবিবার (০৭ জুন) রাত ৮ টায় বহরপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি হারুন অর রশিদ মন্ডল (টুকু)। তিনি উদ্বোধনী বক্তব্যে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।
খেলা পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক, সুজন আহমেদ ও নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা দাউদ হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্রীড়াবিদ পনির হোসেন, শহিদুল ইসলাম মাস্টার, আবুল কালাম আজাদ, এস এম হেলাল খন্দকার, হাবিবুর রহমান, রাজিব আহমেদ, ফুটবলার আদালত মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আলো ঝলমলে পরিবেশে বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠ যেন নতুন রূপে সেজে ওঠে। বিদ্যুতের আলোকসজ্জায় আলোকিত মাঠে খেলোয়াড়রা তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। রাতের মনোরম পরিবেশে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শকরা।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।