নিজস্ব প্রতিনিধি:
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার নকআউট ম্যাচে মিশরের একটি গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার ওই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশ্ব ফুটবলের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো।
তার দাবি, মিশরের গোল বাতিলের ক্ষেত্রে ফিফার নির্ধারিত ভিএআর প্রটোকল সঠিকভাবে অনুসরণ করা হয়নি। তিনি মনে করেন, ওই সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং শেষ পর্যন্ত মিশরের বিদায়ের কারণ হয়েছে।
ম্যাচে মিশর দুই গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ফাউলের অভিযোগে গোলটি বাতিল করেন। পরে ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুয়েরেরো বলেন, গোল বাতিলের সিদ্ধান্তে রেফারি ও ভিএআর কক্ষ গুরুতর ভুল করেছে। তার ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর স্পষ্ট কোনো ফাউল হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাটিকে ফাউল হিসেবে বিবেচনা করা হলেও ভিএআর রিভিউয়ের সুযোগ ছিল না। কারণ গোলের আগের পরিস্থিতিতে আর্জেন্টিনার রক্ষণভাগ নিজেদের সংগঠিত করার এবং বল পুনরুদ্ধারের যথেষ্ট সুযোগ পেয়েছিল।
গুয়েরেরো ব্যাখ্যা করেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা গোল হওয়ার আগে অন্তত তিনবার বল পুনরুদ্ধারের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হন। তাই পরবর্তী গোলের সঙ্গে আগের ঘটনার সরাসরি যোগসূত্র ছিল না বলে তিনি মনে করেন।
তার মতে, ভিএআর কেবল তখনই হস্তক্ষেপ করতে পারে, যখন একটি আক্রমণাত্মক মুভ সরাসরি গোলের দিকে গড়ায় এবং প্রতিপক্ষের বল ফিরে পাওয়ার বাস্তবসম্মত সুযোগ থাকে না। এই ম্যাচে সেই শর্ত পূরণ হয়নি বলেই দাবি করেন তিনি।
ফার্নান্দো গুয়েরেরো বলেন, রেফারি ও ভিএআর দলের ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে মিশরকে। তার মতে, বিতর্কিত সিদ্ধান্তটি শেষ পর্যন্ত মিশরের টুর্নামেন্ট থেকে বিদায়ে বড় ভূমিকা রেখেছে।
গুয়েরেরো ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের রেফারিং দলের সদস্য ছিলেন। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার সেই ফাইনালে তিনি সাপোর্ট ভিএআর হিসেবে দায়িত্ব পালন করেন।
কাতার বিশ্বকাপে তিনি ভিএআর বিশেষজ্ঞ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেন। ডেনমার্ক-তিউনিসিয়া, বেলজিয়াম-মরক্কো এবং জাপান-স্পেন ম্যাচে মূল ভিএআর হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া কয়েকটি ম্যাচে সাপোর্ট ভিএআর ও সহকারী ভিএআর হিসেবেও কাজ করেন এই মেক্সিকান কর্মকর্তা।
এদিকে ম্যাচ শেষে মিশরের ম্যানেজার হোসাম হাসান রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, টুর্নামেন্টে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে বাণিজ্যিক স্বার্থ কাজ করছে।
মিশরের গোলদাতা মোস্তফা জিকোও ম্যাচের পর হতাশা প্রকাশ করেন। তিনি দাবি করেন, রেফারির সিদ্ধান্তই তাদের হারের প্রধান কারণ এবং মিশরের সঙ্গে ন্যায্য আচরণ করা হয়নি।