নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসান অভিযোগ করেছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তা করেছেন। শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রামের লালখানবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার জানান, ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শেষে বিমানযোগে চট্টগ্রামে ফেরেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখানবাজার ফ্লাইওভারের নিচে তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
নাঈমের ভাষ্য অনুযায়ী, সেখানে সাদা পোশাকধারী একজন ব্যক্তি ও পুলিশের পোশাক পরা দুজন সদস্য তার পরিচয় যাচাই করেন। তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে এরপরও তাকে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
নাঈম দাবি করেন, একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তার পরিচয় নিশ্চিত করার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে তিনি অভিযোগ করেন।
পরে তাকে খুলশি থানায় নেওয়া হয়। সেখান থেকে মুক্ত হয়ে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে বাসায় ফিরে যান।
মোবাইল ফোন ফিরে পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন নাঈম। জানা গেছে, তামিম ইকবাল বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নাঈম হাসান সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাগরিকরা নিরাপদ বোধ না করলে তা উদ্বেগের বিষয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত হলে ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, নাঈম হাসান গত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও তিনি অন্তর্ভুক্ত রয়েছেন।