রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার ঢেঁকিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে মোঃ আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ঢেঁকিপাড়া গ্রামের মৃত নিমাই শেখের ছেলে মোঃ মাজেদ শেখ (৬০), তার ছেলে মোঃ নজু শেখ (৪০), মোঃ সাইদ শেখ, মোঃ মিলন শেখ (২৭), মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫), মোঃ গনি মোল্লার ছেলে মোঃ গরো মোল্লা (২৮) এবং মোঃ আব্দুল মাজেদ শেখকে।

ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে বসতঘর, রান্নাঘর ও টয়লেটে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে তিনি পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top