টিউশনির টাকা চাইতেই স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ছাত্রীর মা

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীর মা প্রিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত ওই শিক্ষিকা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে ঘটে। হামলার পর স্থানীয়রা অভিযুক্ত নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে শিক্ষিকাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, সিঁথি সীমিতা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। তিনি গত তিন মাস ধরে প্রিয়া বেগমের সন্তানকে বাসায় গিয়ে পড়াতেন। এ জন্য মাসিক দেড় হাজার টাকা পারিশ্রমিক পেতেন। কয়েকদিন আগে তিনি বকেয়া টিউশন ফি চাইলে প্রিয়া বেগম ক্ষুব্ধ হন।

সোমবার নিয়মিত পড়ানো শেষে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রিয়া বেগম ঘরের দরজা ভেতর থেকে আটকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

দরজা ভেতর থেকে বন্ধ থাকায় শিক্ষিকা বের হতে পারেননি। হামলায় তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। সাতটি আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষিকার মাথায় অন্তত ১০টি কোপের আঘাত রয়েছে এবং সেখানে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সিঁথি সীমিতা জানান, প্রথম কোপের পর তিনি পালানোর চেষ্টা করেন। তবে সেদিন দরজায় অতিরিক্ত ছিটকিনি লাগানো থাকায় বের হতে পারেননি। তিনি আরও দাবি করেন, হামলার সময় তার গলায়, হাতে ও কানে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার দেখে হামলাকারী তা ছিনিয়ে নেওয়ার কথা বলছিলেন।

মামলার বাদী শিশু মিয়া অভিযোগ করেন, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তার দাবি, অভিযুক্ত নারী অতীতেও এমন ঘটনায় জড়িত ছিলেন। এখন তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top