তিন দফা দাবিতে সচিবালয়ের উদ্দেশে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

নিজস্ব প্রতিনিধি:

তিন দফা দাবি আদায়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংক্ষিপ্ত সময় অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে প্রায় ৩০ মিনিটের অবরোধ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। তাদের সড়ক ত্যাগের পর সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

সায়েন্সল্যাব মোড়ে অবস্থানকালে শিক্ষার্থীরা তিন দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং পরে সংগঠিতভাবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। পুরো কর্মসূচিজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে চান। তাদের ভাষ্য, এখনো দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তা উপস্থাপন করা হবে।

আরেক শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

অবরোধ তুলে নেওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড এবং শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহনের চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। এর আগে অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

  1. দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।
  2. ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা।
  3. শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top