শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না; আদালতের রায় অনুযায়ী তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলগত বিচারের দাবিতে বিএনপি শুরু থেকেই সোচ্চার ছিল। পরবর্তীতে আইন সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলের বিচার পরিচালনার আইনি ভিত্তিও তৈরি হয়েছে।

তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি দেশে ফিরলে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের দিকে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে ফিরে তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আদালতে আত্মসমর্পণ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top