৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার ‘হত্যার লাইসেন্স’ অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে: ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া “২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি” এমন বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় সংস্থাটি।

তদন্ত সংস্থা জানায়, অডিও ক্লিপটির ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, তা শেখ হাসিনার কণ্ঠেই রেকর্ড করা হয়েছে এবং বক্তব্যের বিষয়বস্তুও সত্যতা পেয়েছে। তারা আরও জানায়, এ অডিও রেকর্ডটি প্রসিকিউশন টিম আদালতে দাখিল করলে আদালত তা ফরেনসিক পরীক্ষার আদেশ দেয়।

একই দিনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে।

জুলাই-আগস্ট মাসে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ মোট ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত ২৩টি মামলা (মিস কেস) হয়েছে।

তদন্ত সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আটজন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেওয়া হয়েছে। বর্তমানে এই মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রসিকিউশন টিম তা যাচাই-বাছাই করে অভিযোগ গঠন করে। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের জন্য রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি গ্রহণ করে আদেশ প্রদান করেন। অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয় এবং রায় ঘোষণার মধ্য দিয়ে তা শেষ হয়।

রায় ঘোষণার এক মাসের মধ্যে আসামিপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারবে বলেও জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top