মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামে নদীতে বন্ধুদের সাথে খেলার সময় নিখোঁজ হওয়া রোহান নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আজ রবিবার (২৫ মে) সকাল ৯টার দিকে পিপলা দারুল উলুম হাফিজিয়া মাদরাসা সংলগ্ন নির্মানাধীন ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোহান গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের গোকুল প্রাং এর ছেলে। পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) সকাল ১১টার দিকে রোহান তার বন্ধুদের সঙ্গে পিপলা এলাকার নদীতে গোসল ও খেলায় মেতে ওঠে। একপর্যায়ে সে বন্ধুদের অগোচরে নিখোঁজ হয়ে যায়। এলাকাবাসী খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রাজশাহী বিভাগীয় ডুবুরি দল এসে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। তবে নদীতে কচুরিপানার কারণে তারা উদ্ধার কাজ ব্যর্থ হয়ে স্থগিত করেন। রবিবার সকালে আবারও স্থানীয়রা নিজেরা উদ্ধার কাজে নামে এবং নির্মাণাধীন সেতুর কাছাকাছি স্থান থেকে রোহানের মরদেহ উদ্ধার করে।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোকুল প্রাং এর দুই সন্তানের মধ্যে রোহান ছিল ছোট। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ওই পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।