নিজস্ব প্রতিবেদক:
সরকারি সংস্কার উদ্যোগে বাধা দেওয়া হলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সকালে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে আয়োজিত এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
এটি ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত দ্বিতীয় দিনের পথসভা। এতে এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর আখ্যা দিয়ে হাসনাত বলেন, “সচিবালয়ের যেসব কর্মকর্তা আজ আন্দোলনে নামছেন, তারাই ৫ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল।”
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
এর আগের দিন রোববার চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনের সিকদার সেন্টারের সামনে অনুষ্ঠিত আরেক পথসভায় হাসনাত বলেন, “আমাদের পরবর্তী বাংলাদেশ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে। তরুণদের বাদ দেওয়ার চিন্তা থাকলে মনে রাখতে হবে—যে আন্দোলন ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেটার নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সক্রিয় রাজনৈতিক দলগুলো।”
তিনি টকশো ও বুদ্ধিজীবীদের উদ্দেশে বলেন, “আজ যারা মানবাধিকারের কথা বলছেন, তারা অতীতে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছেন। তরুণদের অবস্থান না বুঝলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।”
হাসনাত আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, তবে সংকটকালে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন, আহত ও শহিদ পরিবারগুলোর পুনর্বাসন—এই সব বিষয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। জনগণের মতামত জানতে আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে পথসভা শুরু করেছি।”