৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই: সারজিস আলম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই, খুনী হাসিনার ফিরে আসার সুযোগ নেই। আসলেও একটা কারণে আসবে সেটা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।

সোমবার নীলফামারী সফরে বড়বাজার ট্রাফিক মোড়ের পথসভায় এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌত্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে সরকারে জায়গা করে নিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না। বরং কথা এটা হতে পারে যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠ হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে।

বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বানিজ্য সম্পর্কে বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনত। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হত এবং জনগনের কথা চিন্তা না করে তার উপরে যে নেতা তাকে তেল দিয়ে ও মেইনটেন করতে তার দিন যেত। কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পায়নি। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে ৫০০/১০০০ টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত এবং নির্বাচনের পরে সকল সেবায় ও সুযোগ সুবিধা দেয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়েছে। তিনি আগামী নির্বাচনে দল মত না দেখে ভাল মানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেয়ার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এখন দেখেছি একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একই ভাষা ব্যবহার করছেন। এটা কোন রাজনৈতিক ভাষা হতে পারে না বলে তিনি দাবি করেন। যে ভাষায় এতদিন আপনাদের উপর জুলুম করা হয়েছে, সেই ভাষার চর্চা এখন শুরু করলে জনগণ তাদের ছুড়ে ফেলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আপনারা যদি ওই কালচার প্রয়োগ করেন, তাহলে আপনারা অন্য কারো দাবারা ওই কালচারের শিকার হবেন, কিন্তু এই তরুণ প্রজন্ম এই কালচার আর সেট করতে দিবে না।

তিনি এসব নেতাদের উদ্দেশ্যে বলেন, কথা বলার সময় সাবধানে কথা বলবেন, আপনার ভাষা ঠিক করবে আপনি আমাদের মুরব্বি কিনা। আপনি আমাদের থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা। আগামীর বাংলাদেশ পারস্পারিক শ্রদ্ধা সম্পর্কের বাংলাদেশ বিনির্মানে যোগ্য লোকের যোগ্য জায়গায় প্রতিষ্ঠা এবং ভালোর সাথে থেকে খারাপকে তিরস্কারের আহ্বান জানান।

এর আগে তিনি নীলফামারীর ৪ উপজেলায় বৃষ্টিতে ভিজে গন-সংযোগ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি’র মুখ্য সংগঠক, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top