সজীব হাসান, বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়নে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় গরীব ও দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ২৯ বস্তা চাল পাচারের সময় স্থানীয় জনতা তা আটক করেছে। পরে চালগুলো সান্তাহার ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে সান্তাহার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিডি চাল বিতরণের সময় দুটি অটো চার্জারে করে ২৯ বস্তা চাল পাচার করা হচ্ছিল। স্থানীয় জনতা বিষয়টি লক্ষ্য করে গাড়ি দুটি আটক করে এবং চালগুলো ইউনিয়ন পরিষদে জমা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ভিজিডি কার্ডধারী সুবিধাভোগী জানান, চাল বিতরণের সময় প্রায়ই এমন ঘটনা ঘটে বলে শোনা যায়। তারা প্রশ্ন তুলেছেন, “কারা এই পাচারের সঙ্গে জড়িত, এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় না কেন?”
স্থানীয়দের দাবি, চাল পাচারের সময় কার্ডধারী কিংবা কোনো ব্যবসায়ীকে ঘটনাস্থলে দেখা যায়নি। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে আদমদিঘী উপজেলার দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা বলেন, “বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাচ্ছি, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন বলেন, “কার্ডধারী সুবিধাভোগীরা চাল পাওয়ার পর অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে বাজারে নিয়ে যাওয়ার সময় জনতা চালগুলো আটক করে পরিষদে নিয়ে আসে।”
তিনি আরও জানান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ঘটনাস্থলে এসে চালগুলোর জব্দ তালিকা করে তা স্থানীয় একটি মাদ্রাসায় দেওয়ার নির্দেশ দেন।