২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দাবি না মানলে ২৩ জুন থেকে আমরণ অনশন: প্রাথমিক শিক্ষক সমিতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে সরকার সাড়া না দিলে আগামী ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।

শনিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে টাইম স্কেল সংক্রান্ত যে চিঠি জারি করা হয়েছে, তা অবৈধ ও বিভ্রান্তিকর। এই চিঠি প্রত্যাহার, ৫০ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান এবং গেজেটবঞ্চিত প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশই তাদের প্রধান দাবি।

তিনি আরও বলেন, “২২ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, যাতে সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। যদি আমাদের ন্যায্য দাবি মানা না হয়, তবে পরদিন ২৩ জুন থেকে আমরণ অনশন শুরু হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুল ইসলাম এবং যশোর জেলা কমিটির সমন্বয়ক বি এম কিয়াম উদ্দীন।

প্রাথমিক শিক্ষক সমিতির দাবি অনুযায়ী, টাইম স্কেল সংক্রান্ত অবৈধ চিঠি বাতিল, কার্যকর চাকরির ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান এবং বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশের মধ্য দিয়ে জাতীয়করণকৃত শিক্ষকদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তাই এবার আন্দোলন হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top