মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আমতলী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহীন খানের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
বৃহস্পতিবার (৫ ই জুন) সকাল ১১টায় আমতলী উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ডা. শাহীন খানের মত একজন মানবিক মানুষকে যারা হত্যা করেছে, তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে, নইলে আমতলীর জনগণ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।”
এ সময় বক্তারা আরো জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে ডাঃ মোঃ শাহীন খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইতোমধ্যেই বিভিন্ন স্তরের প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।