মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে নেশার টাকা না পেয়ে নিজের মাকে ধারালো দা নিয়ে ধাওয়া করেছে এক মাদকাসক্ত যুবক। এ সময় মা প্রাণভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলে, ক্ষিপ্ত হয়ে যুবকটি বসতঘর কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী মা মোছাঃ জোহরা খাতুন (৩৫) বাদী হয়ে তাঁর ছেলে মোঃ রিপন মিয়ার (৪০) বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের উত্তর মুসুল্লি গ্রামের বাসিন্দা জোহরা খাতুনের ছেলে রিপন মিয়া একজন মাদকাসক্ত। সে প্রায়ই নেশার টাকার জন্য মা ও তার পরিবারের ওপর অত্যাচার চালাত। রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নিজের স্ত্রী-সন্তানরাও বাড়ি ছেড়ে চলে গেছে।
গত সোমবার (৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে রিপন তার সৎ মা জোহরা খাতুনের কাছে নেশা করার জন্য টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে রিপন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে ধারালো দা নিয়ে তাকে খুন করার জন্য তাড়া করে। এসময় জোহরা খাতুন দৌড়ে নিজের বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে কোনোমতে প্রাণে বাঁচেন। এতে রিপন আরও ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে টিনের তৈরি বসতঘর এলোপাতাড়ি কোপাতে থাকে এবং ব্যাপক ভাঙচুর করে। শুধু তাই নয়, সে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “যেকোন সময় যেকোন ধরনের অঘটন ঘটিয়ে নিজের এবং মা ও তার পরিবারের ক্ষতি করবে।”
ভুক্তভোগী জোহরা খাতুন জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল হয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।