২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে সবজির দাম ঊর্ধ্বগতি, কাঁচামরিচ কেজি ৩০০ টাকা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি:

টানা বৃষ্টির প্রভাবে ঢাকার বাজারে শাক-সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচামরিচের, যা প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই দাম ছিল মাত্র ৮০ থেকে ১০০ টাকা। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুনসহ অন্যান্য সবজির দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির এই প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা রইস উদ্দিন বলেন, “গতকাল যে মরিচ ১০০ টাকা কেজিতে কিনেছিলাম, আজ তা ২৮০-২৯০ টাকায় কিনতে হচ্ছে। ঢাকার বাইরে থেকে পণ্য আসছে না।” মুসলিম হোসেন নামের আরেক বিক্রেতা জানান, পাইকারি বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে, যার ফলে খুচরা দামও বেড়েছে।

বর্তমানে বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৯০-১২০ টাকা, বেগুন ৯০-১০০ টাকা, করলা ৮০ টাকা, পটোল-ঝিঙে-ধুন্দল ৬০-৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা এবং কচুরমুখি ৮০-১০০ টাকা কেজি দরে। সবজি বিক্রেতা সোবহান আহমেদ বলেন, “বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। তবে বৃষ্টি শেষ হলে দাম স্বাভাবিক হবে বলে আশা করছি।”

অন্যদিকে আলু, মসলা, মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা, দেশি আদা ১৩০-১৫০ টাকা এবং দেশি রসুন ১২০-১৫০ টাকা কেজি দরে। মাংসের বাজারে গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০-১২০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মাছের মধ্যে ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৪০০ টাকা, রুই-কাতলা ৩০০-৪৫০ টাকা এবং তেলাপিয়া-পাঙাশ ২২০-২৫০ টাকা কেজি দরে।

সোনালি মুরগির দাম সামান্য বেড়ে ২৮০-২৯০ টাকা কেজি হলেও ব্রয়লার মুরগি আগের মতো ১৭০-১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দাম স্থিতিশীল রয়েছে, প্রতি ডজন ১২৮-১৩০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা অভিযোগ করছেন, বৃষ্টির অজুহাতে বিক্রেতারা সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। তবে বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় তাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top