নিজস্ব প্রতিনিধি:
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ র্যংকিং এ বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৪তম অবস্থানে উঠে এসেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের বুধবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। গত বছর বাংলাদেশ এই তালিকায় ৯৭তম স্থানে ছিল।
পাসপোর্টের শক্তি নির্ধারণে হেনলি ইনডেক্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের ভিসা-মুক্ত সুবিধা বিশ্লেষণ করে। প্রতিটি পাসপোর্টকে ২২৭টি গন্তব্যের সঙ্গে মিলিয়ে স্কোর করা হয়, যেখানে ভিসা ছাড়া ভ্রমণ, অন অ্যারাইভাল ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা থাকলে ১ পয়েন্ট এবং পূর্বানুমোদিত ভিসা প্রয়োজন হলে ০ পয়েন্ট দেওয়া হয়।
বর্তমান র্যংকিং এ শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। দ্বিতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে যথাক্রমে ইউরোপের আরও কয়েকটি দেশ এবং নিউজিল্যান্ড, সুইজারল্যান্ডের মতো রাষ্ট্র।
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারবেন বাহামা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, সেশেলস, কোমোরোসসহ মোট ৩৯টি দেশ ও অঞ্চলে। তবে কিছু গন্তব্যের ক্ষেত্রে ভ্রমণের আগে ই-ভিসা বা অন অ্যারাইভাল ভিসার প্রয়োজন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাসপোর্টের শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা বাড়ানোর পাশাপাশি একটি দেশের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিতবাহী। বাংলাদেশের এই উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।