২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে পুত্রবধূ ও শ্বশুর নিহত, আহত ১০

রুবেল ফরাজী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ডভ্যান, যাত্রীবাহী মাইক্রোবাস ও বাসের ত্রিমুখী সংঘর্ষে পুত্রবধূ ও শ্বশুর নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শিবচরের কুতুবপুর ইউনিয়নের পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা সম্পর্কে শ্বশুর ও পুত্রবধূ। জানা গেছে, তারা একটি যাত্রীবাহী মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের বরাতে জানা যায়, খানসন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-১৭০৪) এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮১৭৫) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আসা পূর্বাসা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৩২০) মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি কাভার্ডভ্যান ও বাসের মাঝখানে চেপে দুমড়ে-মুচড়ে যায়।

এতে মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হন আরও অন্তত দুজন, যাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মোট আহতের সংখ্যা ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও উদ্ধার অভিযান

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায় এবং গুরুতর দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

একই পরিবারের দুই সদস্য—শ্বশুর ও পুত্রবধূর এই মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুরের রমকান্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত এক্সপ্রেসওয়ের পাশে যানবাহনের অবৈধ দাঁড়িয়ে থাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top