মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
ফাইনাল পরীক্ষা স্থগিত রেখে সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত, নবম গ্রেড বাস্তবায়নসহ চারদফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে রাজবাড়ীর সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ রাজবাড়ীর চারটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কোনটিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এ সময় শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসে পরীক্ষা না দিতে পেরে ক্ষোভ আর হতাশা নিয়ে ফিরে গেছে শিক্ষার্থী আর অভিভাবকরা।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে এ আন্দোলন বন্ধ হওয়া উচিত। যারা শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা বন্ধ করে আন্দোলনের ডাক দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
অভিভাবকদের দাবি, এখন পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশুনার রুটিনও এলোমেলো হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়বে চুড়ান্ত ফলাফলে। ফলে দ্রুত আন্দোলন থেকে সরে এসে শিক্ষকদের নিয়মিত পরীক্ষা নেবার ব্যবস্থা করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ জানান।
অন্যদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘ দিন ধরে তারা আন্দোলন করে আসলেও দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে পরীক্ষা না নিয়ে কর্মবিরতি পালন করছেন। তবে কেন্দ্রের সিদ্ধান্ত আসলেই তারা পরীক্ষা নেওয়া শুরু করবেন। আশা করছে আজকের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত পাবেন।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, গোয়ালন্দ নাজির উদ্দিন হাই স্কুল ও শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে এ কর্মবিরতি।
রাজবাড়ীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় না হওয়ায় এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় হলে বন্ধের দিনও পরীক্ষা নিয়ে ক্ষতি পুশিয়ে দেওয়া সম্ভব।
তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে হয়তো দুই একদিনের মধ্যেই পরীক্ষা নেওয়া শুরু হবে। সেক্ষেত্রে সকল শিক্ষার্থীকে মোবাইলে এসএমএস দেওয়া হবে