নিজস্ব প্রতিনিধি:
সারা দেশে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, অথচ সমান সংখ্যক সহকারী শিক্ষক পদোন্নতির অপেক্ষায় হলেও একটি মামলার কারণে তা আটকে আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানিয়েছেন, মামলাটি নিষ্পত্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। সমাধান হলে প্রধান শিক্ষক সংকটসহ প্রাথমিক শিক্ষার অনেক সমস্যা দূর হবে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে কুতুবদিয়া মতো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষক সংকট দূর করা হবে। এর আগে তিনি উত্তর লেমশীখালী ও পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও প্রশাসনিক অংশ পরিদর্শন করেন এবং কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর ও সৈকত ঘুরে দেখেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন—উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়ার ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।