রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে জীবনের ধন কিছুই যায় না ফেলা।
আশা করি – অতীতের ভুল থেকে আপনিও অনেক কিছু শিখেছেন, পরিনত হয়েছেন। এবার নিশ্চয়ই ভুল মানুষের সংগ পরিত্যাগ করে দেশ গঠনে মনোনিবেশ করবেন। হয়ে উঠবেন আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই জাতির আইকন। আমাদের একজন নেলসন ম্যান্ডেলা নেই, একজন ফিদেল ক্যাস্ট্রো নেই, একজন মাহাথির মোহাম্মদ নেই, একজন শহীদ জিয়াও বেঁচে নেই।
উপরন্তু, আমরা জুলাই-আগস্ট ও হাদীর মত মানুষ হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছি। সারা বিশ্বের যুদ্ধ-বিগ্রহ আমাদের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে। আপনাকে তাই আবার নতুন করে শুরু করতে হবে। এবার যদি আপনার পা পিছলায় – তাহলে আর রক্ষা নাই। ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে। বাংলাদেশ তখন অফিশিয়ালি ভারতের করদ রাজ্য হয়ে উঠবে!
আপনাকে এবার হৃদয়ের চেয়ে মস্তিষ্ক দিয়েই বেশি কাজ করতে হবে। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ মানুষদের একজন ডক্টর ইউনূস এখনো বেঁচে আছেন। তিনি জাতির শিক্ষক। দেশ গঠনে তাঁর সাহায্য নিতে হবে। ইউনূস সাহেব আপনার অনেক সিনিয়র। আশা করি, তাকে শিক্ষক মানতে আপনারও কোন সমস্যা হবে না।
আর অবশ্যই জুলাই-আগস্টের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে চলতে হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে – ওরা দেশকে ফ্যাসিস্টমুক্ত না করলে আপনাকে হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত বিদেশেই থাকতে হতো।
জনাব তারেক রহমান – নতুন বাংলাদেশে ফিরে আসার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। এবার নিশ্চয়ই ভালো কিছু হবে!