মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীর সদর উপজেলার তিন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারী জেলা বিএনপি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলীয়ভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তারা।
নবাগত তিন সাবেক জনপ্রতিনিধি হলেন— সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী এবং চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান আলী চৌধুরী বলেন, “বিএনপির মতো একটি বৃহৎ ও গণমানুষের দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে এলে জনগণের মধ্যে যে আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সেই বিশ্বাসের অংশীদার হয়েই আমি বিএনপিতে যোগ দিয়েছি।”
তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতে আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানাবো।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাব’র আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “তৃণমূলে গিয়ে মানুষের যে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। একজন সংসদ সদস্য শুধু দলের প্রতিনিধি নন, তিনি সকল মানুষের প্রতিনিধি। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নীলফামারীকে এগিয়ে নিতে চাই।”
অনুষ্ঠান শেষে নবযোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।