১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে অনৈতিকতার বিরুদ্ধে কঠোর অভিযান—পার্ক বন্ধ, জরিমানা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

সমাজবিরোধী ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘হ্যাপি প্যালেস মিনি পার্ক’ নামে একটি পার্ক সিলগালা করা হয়েছে এবং এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে অবস্থিত পার্কটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে পার্কটিতে অনুমোদন ছাড়াই অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ পেয়ে প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে পার্কটি সিলগালা করা হয় এবং মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পার্কটির মালিক ওয়াজেদুর রহমান (পিতা: হামিদুর রহমান), গ্রাম—সোনাকুড়ি, রণচন্ডী ইউনিয়ন। অভিযানে তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া। এ সময় অভিযানে সহায়তা করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ও এসআই কাজী রিপন।

উপজেলা নির্বাহী অফিসার তানজিম আঞ্জুম সোহানিয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রকাশ্যে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় পার্কটির মালিককে জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ সময়ের দাবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top