জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাকৃবিতে ছাত্রদলের স্টিকার সাঁটানোর উদ্যোগ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি এবং অপচয় রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্টিকার সাঁটানো কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে শাখা ছাত্রদল।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণায় ব্যবহৃত স্টিকারগুলোতে ‘ক্যাম্পাসে গড়ি নতুন রীতি, অপচয় নয়, সাশ্রয় নীতি’, ‘হল থেকে শুরু হোক পথ, বিদ্যুৎ সাশ্রয় হোক সবার শপথ’, ‘ক্যাম্পাসের প্রতিটি প্রাণ, বিদ্যুৎ সাশ্রয়ে রাখুক অবদান’ এর মতো বিভিন্ন সচেতনতামূলক স্লোগান স্থান পেয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অনুষদ, একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্টিকার ও পোস্টার লাগানো হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি, ফ্যান ও যন্ত্রপাতির ব্যবহার বন্ধে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া ক্যাম্পাসের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি আমাদের জাতীয় দায়িত্ব। ছোট ছোট সচেতনতা থেকেই বড় পরিবর্তন সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্যে সাশ্রয়ের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা চাই ক্যাম্পাস থেকেই এই ইতিবাচক পরিবর্তনের সূচনা হোক।’

ব্যতিক্রমী এই উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রচারণার ফলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে বিদ্যুতের অপচয় রোধ হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top