মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীতে ট্রায়ালের নামে একটি গাড়ি নিয়ে উধাও হওয়ার অভিযোগে যুবদলের মহানগর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এস এম সফিক মাহমুদ ওরফে তন্ময়কে বহিষ্কার করেছে সংগঠনটি।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এস এম সফিক মাহমুদ তন্ময়কে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গ্যারেজ মালিক নূর আহমেদ অভিযোগ করেন, ট্রায়ালের কথা বলে তন্ময় তার গ্যারেজ থেকে একটি গাড়ি নিয়ে যান। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গাড়িটি আর ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী গ্যারেজ মালিক একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এই বহিষ্কার কার্যকর হয়েছে। পাশাপাশি বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও জানানো হয়।