মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে গাংগাইল ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুইবারের সাবেক ইউপি সদস্য ইসমাঈল হোসেনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বনুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাঈল হোসেন বনুড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি গাংগাইল ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাঈল হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।