পাংশায় বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি শিক্ষক কর্মচারীরা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি শিক্ষক কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, পাংশা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ৪৫ থেকে ৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাশেদা খাতুন, শহীদ কবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আঞ্জুমান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমন জারিকারক মোঃ নেকবর আলী মণ্ডল, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার পিকুল আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈষম্যমুক্ত পে-স্কেলের যে স্বপ্ন দেখিয়েছেন, বাস্তবে প্রস্তাবিত পে-স্কেলে তার প্রতিফলন নেই। পে-কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ জমা দিয়েছে, সেখানে বৈষম্যের কোনো ছিটেফোঁটা নেই বলা হলেও বাস্তবে ২০তম গ্রেডের একজন কর্মচারী ও ১ম গ্রেডের একজন কর্মকর্তার বেতনের মধ্যে ব্যাপক বৈষম্য রয়ে গেছে।

তারা অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ন্যায্য ও সমতাভিত্তিক পে-স্কেল ঘোষণা করার দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন দিনের কর্মসূচির মধ্যেই যদি বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top