মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সহকারী ট্রেনিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে দীঘিনালা উপজেলা সহকারী ট্রেনিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দেন বিএনপি নেতারা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল ওয়াদুদ ভাইয়া-এর নির্বাচনী প্রতীক ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব কর্মকাণ্ড সম্পূর্ণ আইনবহির্ভূত এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক অনুমোদিতভাবে পোস্টার ও ব্যানার টাঙানো হলেও সেগুলো বারবার নষ্ট করে দেওয়া হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন অভিযোগপত্র জমা দেন।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “আমি অভিযোগটি পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।