মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:
নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের ওপর জুলুম করার কারণে। আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদের সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ আমাকে আপনাদের ভোটে পাঁচবার এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানিও করে দিই তবুও ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনি পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রূপ নেয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।
এ ছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাচকিত্তার জনসভায় জনতার স্রোত নামে। স্লোগানে মুখরিত জনতা ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।