মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর তত্ত্বাবধানে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এবং কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. উম্মে সালমার সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মিলন হক। এ সময় উপস্থিত ছিলেন ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
আয়োজকদের সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, “জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”
স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।