রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া পিন্টুর সমর্থক যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে শহরের কাচারিপাড়া এলাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এসব নেতাকর্মীরা পদত্যাগের এই ঘোষণা দেন। পদত্যাগকারী নেতা-কর্মীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাসেল পারভেজ।
লিখিত বক্তব্যে রাসেল বলেন, বিগত দিনে বিএনপির তৃণমূল নেতা-কর্মীর একমাত্র আশ্রয়স্থল বলতে একটি নামই ছিল- তিনি হলেন জাকারিয়া পিন্টু। তার নেতৃত্বেই আমরা রাজপথে সকল আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টুকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। কিন্তু পরিতাপের বিষয়, দলের হাইকমান্ড তৃণমূলের নেতা-কর্মীদের আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে এমন এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, যিনি পূর্বে আওয়ামী লীগ করতেন এবং তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের নেতা মো. শাহরিয়ার হোসেন সাহান, শাহীন হোসেন, রবিউল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর হোসেন, রওশন আলম পাপ্পু, ফয়সাল আহমেদ ফারুক, মাসুম পারভেজ কল্লোল, সুজন মাহমুদসহ অন্যান্য পদত্যাগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিযা) আসনে বিএনপি দলীয় প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ আসনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. জাকারিয়া পিন্টু। তিনি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সকল পদ থেকে পিন্টুকে বহিষ্কার করা হয়। এ ছাড়া একই অভিযোগে স্থানীয় যুবদলের ছয় নেতাকেও বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।