মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি:
বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২ নং শাহাবাজপুর ইউনিয়নের দারাস বাড়ি মসজিদে শিবগঞ্জ–১ আসনের ইস্তেহার ঘোষণা করা হয়েছে। ইস্তেহার ঘোষণা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ডঃ কেরামত আলী। ইস্তেহার ঘোষণাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গুরুত্ব ও তাৎপর্য লাভ করে।
ইস্তেহার ঘোষণাকালে ডঃ কেরামত আলী বলেন, শিবগঞ্জের মানুষের দীর্ঘদিনের অবহেলিত চাহিদা পূরণ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি উন্নয়ন, সততা ও জনসেবার প্রত্যয়ে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জনগণের অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠাই তার প্রধান অগ্রাধিকার।
বাংলাদেশ জামাতে ইসলামীর ঘোষিত ইস্তেহারে শিবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাস, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরি, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
এছাড়াও সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষিখাতের আধুনিকায়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামো সংস্কার এবং সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়নের অঙ্গীকার করা হয়।
ইস্তেহারে আরও উল্লেখ করা হয়— যানজট নিরসন ও জননিরাপত্তা জোরদার, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারী ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বক্তব্যের শেষাংশে ডঃ কেরামত আলী শিবগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি মানবিক, ইনসাফভিত্তিক ও উন্নত শিবগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।
ইস্তেহার ঘোষণার মাধ্যমে শিবগঞ্জবাসীর জন্য একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।